সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দেয়ার ৬ মাস পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে বলে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।PauseMute
রোববার (৭ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সমন্বয় কমিটির ঘোষণা করা হয়।
এতে উপজেলার প্রধান সমন্বয়কারীর পদ পেয়েছেন মুতাসিম বিল্লাহ (এম বিল্লাহ), যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন শাহিদ আলম, শফিকুল ইসলাম, কোকিল মিয়াসহ মোট ১০ জন। এছাড়া সদস্য পদ পেয়েছেন আরও ২৯ জন। এনিয়ে মোট ৪০ সদস্য বিশিষ্ট এ সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আরিফুল দাড়িয়া বলেন, রোববার ৪০ সদস্য বিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনের সম্প্রসারণ ও কার্যক্রম গতিশীল করতে এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয় টুঙ্গিপাড়া-কোটালীপাড়াসহ ২০টি উপজেলা সমন্বয় কমিটি আসছে। সেই ঘোষণার ৬ মাস পর রোববার (৭ ডিসেম্বর) টুঙ্গিপাড়া উপজেলার সমন্বয় কমিটির অনুমোদন দেয়া হয়।





