
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিচ্ছে সেলেসাওরা। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে আছেন কোচ কার্লো আনচেলত্তি। শতভাগ ফিটনেস ও ফর্মে থাকা খেলোয়াড়রাই আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ দলে জায়গা পাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আনচেলত্তির এই কঠোর নীতি ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফিটনেসের বিষয়ে তার এই কঠোর মনোভাবের বহিঃপ্রকাশ ঘটে মূলত দলের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মনোভাব নিশ্চিত করার জন্য। আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে হলে ফিটনেসের কোনো বিকল্প নেই—যা ভিনির মতো খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। খবর- ওয়ান ফুটবল
এর আগে অক্টোবরে দলের আরেক তারকা নেইমারকে উদ্দেশ্য করেও একই সতর্ক বার্তা দিয়েছিলেন আনচেলত্তি। তখন তিনি স্পষ্ট বলেছিলেন, ফিটনেস ফিরে পেলেই এই তারকা ফরোয়ার্ড জাতীয় দলেও ফিরবেন। ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, তার এই স্ট্যান্ডার্ড ব্রাজিল দলের সব খেলোয়াড়ের জন্য প্রযোজ্য। যারা এই মুহূর্তে ফিটনেসের অভাবে ভুগছেন, দলে ফিরতে হলে তাদের দ্রুত নিজেদের প্রমাণ করতে হবে।
আরও পড়ুন : টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন তামিম
ব্রজিল কোচ বলেন,‘এই দলে অনেক উঁচু মানের খেলোয়াড় রয়েছে। তবে যারা শতভাগ ফিট আমরা তাদের মধ্যে থেকেই চূড়ান্ত দল বেছে নেবো। এটা শুধু নেইমারের ক্ষেত্রে নয়, এটা হতে পারে ভিনিসিয়ুসও। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে, তবে আমি যে খেলোয়াড় শতভাগ ফিট তাকেই দলে ডেকে নেবো। কারণ এটা এমন একটি দল হতে যাচ্ছে যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, বিশেষ করে আক্রমণভাগে। আর এই বিভাগে আমার দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে।’
আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বসবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই আসর। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামী বছর ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিলের বস্টনে অনুশীলন ম্যাচে ফ্রান্সের বিপক্ষে খেলার কথা রয়েছে।


